‘আল্টিমেটাম সাত দিন, ধর্ষক ধরিয়ে দিন’

ধর্ষণ এবং ধর্ষকদের বিরুদ্ধে পাঁচ দফা দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার (৪ এপ্রিল) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমজনতা ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন করেন তারা। তাদের স্লোগানের ভাষ্য ‘আল্টিমেটাম সাত দিন, ধর্ষক ধরিয়ে দিন’

প্রেসক্লাবের সামনে মানববন্ধনমানববন্ধনে তারা নানা ধরনের লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান। এর মধ্যে রয়েছে ‘আমার বোন আমার মা, ধর্ষণ হতে দিবো না’, ‘নারী কোনও খেলনা না, ধর্ষণ কোনও খেলা না’, ‘ধর্ষক বাবুলের প্রকাশ্যে ফাঁসি চাই’, ‘১৫৫(৫) ধারা বাতিল কর’, ‘২৮(৪) ধারা পরিবর্তন কর’, ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড’, ‘২২ মাসের শিশু ধর্ষণ হবে কেন?’

সমাবেশে বক্তারা বলেন, ‘তিন মাসে এতগুলো ধর্ষণের ঘটনায় একটারও বিচার হয়নি। আল্টিমেটাম সাত দিন, ধর্ষকের বিচার চাই। আল্টিমেটাম সাত দিন, ধর্ষক ধরিয়ে দিন। আমরা এখানে ধর্ষণের বিচারের দাবিতে সমবেত হয়েছি, সবাই আমরা সাধারণ শিক্ষার্থী। পাঁচ দফা দাবিতে আমরা আজ রাজপথে নেমেছি। স্বাধীনতার মাসে মার্চে ঘটে যাওয়া ধর্ষণের বিচার চাই।’

তারা আরও বলেন, ‘আমাদের দাবি ধর্ষণের সাজা ফাঁসি এবং বিচার দ্রুত বিচার ট্রাইবুন্যালে করতে হবে। আজ প্রায় প্রতিটা নারী কোনও না কোন ভাবে নিপীড়নের শিকার হন। আইনের ফাঁক দিয়ে এই নারীদের আবার হেনস্থার শিকার হতে হয়। সাক্ষ্য আইনের ১৫৫ (৪) ধারা সংশোধন করতে হবে। এই ধারায় ভিক্টিমের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়।’ এর পাশপাশি শিক্ষার্থীরা সাধারণ মানুষকে ধর্ষকের শাস্তির দাবিতে এগিয়ে আসার আহ্বান জানান।