চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা: খালেদা জিয়ার আদালতে হাজিরা বৃহস্পতিবার

আদালত থেকে বেরিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য রয়েছে আগামীকাল বৃহস্পতিবার (৫ এপ্রিল)।

এদিন রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে মামলাটির যুক্তি উপস্থাপনের দিন ধার্য রয়েছে।

গত ২৮ মার্চ খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার দিন ধার্য ছিল। কিন্তু ওইদিন অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় বিচারক ৫ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দেন।

খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার বিষয়ে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, ‘খালেদা জিয়াকে আদালতে হাজির করা হবে কিনা এটা কারা কর্তৃপক্ষ জানে। এ বিষয়ে আমার কোনও কিছু বলার নেই। তার (খালেদা জিয়া) অবস্থা বুঝে কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।’

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘খালেদা জিয়াকে আদালতে হাজির করবে কিনা জানতে কারাগারে ফোন দিয়েছিলাম। তারা জানিয়েছেন, তাকে হাজির করার বিষয়ে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। কারা কর্তৃপক্ষের নির্দেশ পেলে হাজির করা হবে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। তাকে জনসম্মুখে আনা উচিত। সরকার খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে।’

২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলাটিতে বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও আসামি।