সুন্দরবন, এস এ পরিবহন ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের কাছে তথ্য চেয়েছে দুদক

সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এস এ পরিবহন ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধ আর্থিক লেনদেন, ইয়াবাসহ মাদক পরিবহন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ লেনদেনের অভিযোগে তাদের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে।

সুন্দরবন, এস এ পরিবহন ও কন্টিনেন্টাল কুরিয়ারবৃহস্পতিবার দুদকের উপ পরিচালক মো. মাহমুদ হাসান স্বাক্ষরিত চিঠিতে আটটি ক্যাটাগরিতে তথ্য চাওয়া হয়। আগামী ১২ এপ্রিলের মধ্যে তথ্য পাঠানোর জন্য চিঠিতে বলা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ লেনদেনের অভিযোগও আনা হয়েছে উল্লেখিত তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

যেসব তথ্য চাওয়া হয়েছে—

  • কুরিয়ার সার্ভিসসমূহের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম।
  • কুরিয়ার সার্ভিসে আর্থিক লেনদেনের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র।
  • টাকা ট্রান্সফারের ক্ষেত্রে পোস্টাল নীতিমালা।
  • কোনও ব্যক্তি সর্বোচ্চ কি পরিমাণ অর্থ প্রেরণ করলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে জানানোর নিয়ম রয়েছে কিনা।
  • কোনও ব্যক্তি অর্থ লেনদেন করলে তার জাতীয় পরিচয়পত্র নম্বর বা অন্য কোনও শনাক্তকরণ পত্রের ফটোকপি গ্রহণ করা হয় কিনা।
  • অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রতি হাজারে (টাকা) কমিশনের পরিমাণ। কমিশন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কিনা।
  • কোনও ব্যক্তি কর্তৃক আর্থিক লেনদেনের সর্বোচ্চ সীমা কত?
  • কোনও আইন প্রয়োগকারী সংস্থা যেমন- সিআইডি, পিবিআই, র‌্যাব ইত্যাদি সংস্থাসমূহ সন্দেহজনক লেনদেন সংক্রান্ত কোনও সহায়তা বা তথ্য চায় কিনা। চেয়ে থাকলে গত এক বছরে প্রদানকৃত তথ্যের বিবরণী।