প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ আনন্দ প্রকাশ করে বলেছেন, আমরা ছাত্রসমাজ প্রধানমন্ত্রীর কাছে যা চেয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি।
কোটা পদ্ধতি বাতিলের ঘোষণায় বুধবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে।
মিছিল থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাইফুর রহমান সোহাগ বলেন, ‘আপনি আমাদের আশা পূরণ করেছেন। এজন্য আপনাকে আমরা তরুণসমাজ অভিনন্দন জানাই।
ছাত্রসমাজকে সতর্ক করে তিনি আরও বলেন,‘আপনাদেরকে বলি, কোনও প্রোপাগান্ডা, ষড়যন্ত্রে মন দেবেন না। প্রধানমন্ত্রীর ওপরে আমাদের বিশ্বাস ছিল। তিনি আমাদের বিশ্বাসের বাস্তবায়ন করেছেন। সেদিন উপাচার্যের বাসভবনে যারা হামলা চালিয়েছে, তাদেরকে উপযুক্ত শাস্তির দাবি করছি।’
ছাত্রলীগের আনন্দ মিছিলটি মধুর ক্যান্টিন থেকে বের হয়। পরে ক্যাম্পাসের বিভিন্নস্থান প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন— ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।