রাজধানীর খিলক্ষেত থানাধীন তিনশ’ ফুট রাস্তার মোড় থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-২। বুধবার (১১ এপ্রিল) বিকালে তাদের আটক করা হয়। র্যাব-২ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি-অপারেশন) রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন মো. ইদ্রিস (২৮) ও আব্দুল মতিন (৩০)। তাদের সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ২০ হাজার ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এএসপি রবিউল ইসলাম বলেন, ‘আটককৃতদের সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতরে এই ইয়াবা ট্যাবলেটগুলো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাদের আটক করা হয়।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’