কূটনীতিকদের নিয়ে আইজিপির বর্ষবরণ অনুষ্ঠান

কূটনীতিকদের নিয়ে আইজিপির বর্ষবরণ অনুষ্ঠান

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তাকে নিয়ে বাংলা নববর্ষ-১৪২৫ উদযাপন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন চত্বরে বর্ষবরণের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদেশি কূটনীতিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। উৎসবপ্রিয় বাঙালি পরিবার-পরিজন নিয়ে প্রতিবছর পহেলা বৈশাখে আনন্দ-উল্লাস করে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এতেই প্রতীয়মাণ হয়, পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গা বৃদ্ধি পেয়েছে এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদকে ঘৃণা করে।’

এ সময় অনুষ্ঠানে আসা কূটনীতিকদের ধন্যবাদ জানান পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈশাখ উদযাপন অনুষ্ঠানে ভুটান, উত্তর কোরিয়া, কানাডা, ডেনমার্ক, লিবিয়া, মালয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, মরক্কো, জাপান, নেদারল্যান্ডস, মিয়ানমার, ফিলিপাইন, রাশিয়া, সৌদি আরব, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, নরওয়ে, দুবাই, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (এসবি) মীর শহীদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি হাবীবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, ডিপ্লোম্যাটিক জোনের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম, গুলশান বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ, রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার প্রমুখ।