গেণ্ডারিয়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি: ৩ পুলিশ আহত, আটক ২

রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। তবে গুলি করতে করতে একজন পালিয়ে গেছে। গেণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে আহত এক পুলিশ সদস্যগুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন এএসআই মোশাররফ, এএসআই মহসিন ও কনস্টেবল বশির। একজনের হাতে, একজনের পায়ের উরুতে ও আরেকজনের পায়ে গুলি লেগেছে।

ডাক্তারের বরাত দিয়ে পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম আরও বলেন, গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা আশঙ্কামুক্ত।

তিনি জানান, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে আজগর আলী হাসপাতাল সংলগ্ন শেলটেক বিল্ডিংয়ের পাশে সাধনা গলিতে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশতিনি আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল সোনিয়া নামক এক ইয়াবা ব্যবসায়ীর কাছে বড় একটি চালান আসছে। এই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি শুরু করে। এভাবে গুলি করতে করতে একজন  মূল আসামি পালিয়ে যায়। তবে আমরা সোনিয়া ও অন্য আরেকজনকে আটক করতে সক্ষম হয়েছি।

এ ব্যাপারে ডিএমপি ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শামসুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহতদের আজগর আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত।’