শ্রীলঙ্কা যাচ্ছে সুপ্রিম কোর্টের শিশু অধিকার বিষয়ক প্রতিনিধি দল

সুপ্রিম কোর্টশিশু অধিকার বাস্তবায়নে শ্রীলঙ্কার কার্যকরী পদক্ষেপগুলো সরেজমিনে দেখতে সেদেশে যাচ্ছে সুপ্রিম কোর্টের স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটসের (এসসিএসসিসিআর) একটি প্রতিনিধি দল।
আগামী ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে এই প্রতিনিধি দল শ্রীলঙ্কার কলম্বো শহরে আদালত ও থানাগুলোতে শিশু অধিকার সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, তা পরিদর্শন করবেন।
বুধবার (২৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার  ব্যারিস্টার মো. সাইফুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূইয়ার দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটসের (এসসিএসসিসিআর) চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বো পরিদর্শনে যাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই প্রতিনিধি দল ২৮ এপ্রিল অথবা কাছাকাছি কোনও তারিখ ঢাকা ত্যাগ করবেন এবং আগামী ৫ এপ্রিল অথবা কাছাকাছি কোনও তারিখে দেশে ফিরে আসবেন।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান বলেন, ‘এসময় সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটসের (এসসিএসসিসিআর) প্রতিনিধি দল শ্রীলঙ্কার কলম্ব শহরের আদালত ও কয়েকটি থানা পরিদর্শন করবেন। শিশু অধিকার বাস্তবায়নে দেশটির কার্যকরী ভূমিকাগুলো প্রতিনিধি দল পরিদর্শন করে দেখবেন।’