চলন্ত বাসে ছাত্রী হেনস্তা: ৩ আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

চলন্ত বাসে উত্তরা ইউনিভার্সিটির ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় গ্রেফতারকৃত ৩ আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২৮ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মানববন্ধনমানববন্ধনে সরকার, প্রশাসন এবং বাস মালিকদের উদ্দেশে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরেন। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে - শুধু আইন প্রণয়ন করলে চলবে না, তা যেন বাস্তবে রূপ পায় সেজন্য সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে নজরদারি করতে হবে, পরিবহনের ড্রাইভার, হেলপার, কন্টাক্টর নিয়োগের সময় অবশ্যই বাস মালিক সমিতিকে তাদের কাছ থেকে সুস্পষ্ট অঙ্গীকারনামা নিতে হবে, যদি না নেওয়া হয় তাহলে কোনও অপরাধের দায়ভার বাস মালিক সমিতিকে নিতে হবে, মাদকাসক্ত কোনও কর্মচারী যাতে পরিবহন খাতে চাকরির সুযোগ না পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র পারভেজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ যে ৩ জন অপরাধীকে গ্রেফতার করেছে এজন্য তাদের ধন্যবাদ জানাই। গ্রেফতারকৃতদের দ্রুত বিচারের স্বার্থে মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালে স্থানান্তরের দাবি জানাই আমরা। অপরাধীরা অপরাধ স্বীকার করেছে, তাই আদালতে যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হয় তাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’