জাবি ছাত্রীকে যৌন হয়রানি: একজন রিমান্ডে

রিমান্ডরাজধানীর শ্যামলীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগে শাওন নামে একজনকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশে দিয়েছেন আদালত। সোমবার (৩০ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক জাকির হোসেন টিপু এই আদেশ দেন। শেরে বাংলানগর থানার সাধরণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) তাহেরা ভানু এই তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলানগর থানার (উপ-পরিদর্শক) মো. নুরুল ইসলাম আসামি শাওনকে তিন দিনের রিমান্ডের আবেদন করে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ইদ্রিস আলী। উভয় পক্ষের শুনানি শেষে শাওনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জিআরও বলেন, ‘এ মামলায় গ্রেফতার হওয়া আরেক আসামি সুমি বেগমকে  কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।একইসঙ্গে সুমির নাবালক সন্তানকে কারাগারে রাখতে পারবেন বলেও জানান বিচারক।’

উল্লেখ্য, রবিবার (২৯ এপ্রিল) শ্যামলীর ২ নম্বর সড়কে গিয়েছিলেন ওই ছাত্রী। তাকে যৌন হয়রানি করে ফুটপাতের দোকানদার শাওন। প্রতিবাদ করলে শাওন ওই ছাত্রীকে ধাক্কা দেয়। ওই বিবাদে দোকানি সুমিও বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় সুমি ভুক্তভোগী ছাত্রীর চুল ধরে টান দেয়। ওই ঘটনায় পরে ছাত্রী শেরেবাংলা থানায়  বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০ সংশোধন ২০০৩) মামলা দায়ের করেন।