সাভারে ট্যানারিতে হঠাৎ অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু

লাশসাভারের হেমায়েতপুর ঘাউচর এলাকায় প্রিন্স লেদার ইন্ডাস্ট্রিজ নামক একটি ট্যানারিতে কাজ করার সময় অসুস্থ হয়ে দুই শ্রমিক মারা গিয়েছেন। এ ঘটনায় অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থায় একজন শ্রমিক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন। বুধবার (২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য জানান।

নিহতরা হলেন, সাভার এলাকার হাসান (২৫) এবং মাহাবুব (৫০)।

নিহত শ্রমিকদের সহকর্মী আরিফ জানান, বুধবার দুপুরে হাসান, মাহাবুব এবং  মোয়াজ্জেম নামে তিনজন  শ্রমিক পানির সঙ্গে ক্যামিকেল মেশানোর কাজ করছিল। এ সময় তিনজনই অসুস্থ হয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসান নামে একজনের মৃত্যু হয়। পরে মাহাবুব ও মোয়াজ্জেমকে (২৬) ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন।  

এসআই বাচ্চু মিয়া জানান, মোয়াজ্জেমকে আশঙ্কাজনক অবস্থায় জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে।