শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসায় হামলার কারণ জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার (২ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘কৃষিবিদ মুক্তিযোদ্ধাদের সম্মাননা’ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘হামলাকারীরা কী কারণে ঢাবি ভিসির বাসভবনে হামলা চালিয়েছিল, শিগগিরই জানানো হবে। এখানে কাউকে হয়রানি করার সুযোগ নেই। হামলাকারীদের কাছ থেকে ইতোমধ্যে অনেক তথ্য জানা হয়েছে। এ ঘটনায় জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হামলার সেই দৃশ্য ক্যামেরাবন্দি আছে, সাংবাদিক ভাইদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে। সে অনুযায়ী আমরা গ্রেফতার অভিযানও শুরু করেছি। বাকি হামলাকারীদের আইডেন্টিফাই করার কাজ চলছে। সুনিশ্চিত হয়ে আমরা তাদের গ্রেফতার করবো। অবশ্যই আমরা কাউকে ছাড় দেবো না।’
তিনি বলেন, ‘হামলার ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। তারা কেন এসেছিল, কয়েকদিন পরে আমরা পরিষ্কার করে বলবো। বাসভবন থেকে চুরি হওয়া কিছু মালামালও আমরা জব্দ করেছি, সেটাও আপনারা জানেন।’