ভিসির বাসায় হামলা: দুই জনের জামিন নামঞ্জুর

ভিসির বাসভবনে হামলা (ফাইল ছবি)

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ মে) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তাদের জামিন নামঞ্জুর করেন। আাদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জামিন নামঞ্জুর হওয়া দুই জন হলেন– মাসুদ আলম ওরফে মাসুদ ও আবু সাঈদ ফজলে রাব্বি ওরফে সিয়াম।

জিআরও মাহমুদুর রহমান জানান, দুই দিনের রিমান্ড শেষে মাসুদ ও সিয়ামকে আদালতে হাজির করা হয়। এসময় আইনজীবীর মাধ্যমে মাসুদ ও সিয়াম জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, আসামিপক্ষে জামিনের আবেদন করেন ঈসমাইল হোসেন পাটোয়ারী। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন।

এর আগে দুপুরে মাসুদ ও সিয়ামকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এএসপি ফজলুল হক।

আদালত সূত্র জানায়, গত ২৯ এপ্রিল মাসুদ ও সিয়ামের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একইদিনে আদালত রাকিবুল হাসান ওরফে রাকিব নামের এক আসামির চার দিন ও আলী হোসেন শেখ ওরফে আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা গত ৯ এপ্রিল শাহবাগে সড়ক অবরোধ করলে রাতে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর ক্যাম্পাসের ভিতরে গিয়ে রাতভর পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চালিয়ে যায় আন্দোলনকারীরা।

এর মধ্যে মধ্যরাতে মুখোশধারী একদল ব্যক্তি লাঠিসোটা নিয়ে উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরদিন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহ্সান শাহবাগ থানায় মামলা দায়ের করেন। হামলা-ভাঙচুরের ঘটনায় পুলিশের পক্ষ থেকেও কয়েকটি মামলা করা হয়।