ফুড ব্লগারস বিডি’র বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তে সিটিটিসি

ফুড ব্লগারস বিডিফেসবুকে রেস্টুরেন্টের নামে ইচ্ছাকৃতভাবে নেগেটিভ রিভিউ দেওয়ার অভিযোগ উঠেছে ফুড ব্লগারস বিডি গ্রুপের বিরুদ্ধে। সেই নেগেটিভ রিভিউয়ের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা চাওয়ার অভিযোগে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগে এই ফেসবুক গ্রুপের বিরুদ্ধে তিনটি অভিযোগ জমা হয়েছে বলে জানা গেছে।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হক সুমন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফুড ব্লগারস গ্রুপের বিরুদ্ধে অভিযোগ আছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তাদের বিরুদ্ধে অভিযোগ মূলত ব্ল্যাকমেইলিংয়ের। আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে দেখবো, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ভুক্তভোগীরা চাইলে মামলা করতে পারবেন। আর যেহেতু গ্রুপটির ক্রিয়েটর একজন সরকারি কর্মকর্তা, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

নাজমুল হক সুমন আরও বলেন, ‘ফুড রিভিউয়ের নামে ব্যবসা করা যায় কিনা সেসব বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় তদন্ত করে দেখতে পারে। কাউকে ব্ল্যাকমেইল করা হলে সে বিষয়টি আমরা খতিয়ে দেখি। আমাদের কাছে প্রাথমিকভাবে অভিযোগ আসছে। যেহেতু অভিযোগ এসেছে তাই ওই গ্রুপের কার্যক্রম সাসপেন্ড করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকারীদের মামলা করার জন্য বলবো। মামলা করলে আইন অনুযায়ী যা হয় তাই হবে।’

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ফুড ব্লগারস বিডি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মোহাম্মদ আরমান শাহরিয়ার ওরফে সৌম্য শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেহেতু বিষয়টা নিয়ে তদন্ত চলছে, তাই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তদন্তের পর এ বিষয়ে আমার বক্তব্য আসবে। আমার কাছেও কিছু প্রমাণ আছে; তবে তদন্তের পর এগুলো নিয়ে আলাপ করবো।’ 

প্রায় ১১ লাখ সদস্যের ফেসবুক গ্রুপ ফুড ব্লগারস বিডি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফুড রিভিউ নামে খ্যাত গ্রুপ এটি। প্রিয়জন বা পরিজন নিয়ে কোনও রেস্টুরেন্টে খেতে গেলে এসব গ্রুপে অনেকেই ছবিসহ রিভিউ দেন। ক্রেতার ইতিবাচক মত বা পজিটিভ রিভিউ রেস্টুরেন্টের ভাগ্য বদলে দিতে পারে বলে বিশ্বাস করেন অনেক রেস্টুরেন্ট ব্যবসায়ী। তাই রেস্টুরেন্ট মালিকরা এসব গ্রুপের দিকে খেয়াল রাখেন। এসব গ্রুপে সারাদিনে প্রায় কয়েকশ’ পোস্ট আসে খাবার সংক্রান্ত।