মডেল ও অভিনেতা কাজী আসিফের বিরুদ্ধে স্ত্রী শামীমা আক্তার অর্নিকে নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন শুনানি পিছিয়ে আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আদালত।
রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আকবর এই তথ্য জানান।
তিনি বলেন, সরকারের গেজেট অনুসারে মামলার অধিক্ষেত্রে পরিবর্তন হওয়ায় এখন থেকে মামলাটি ছয় নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার চলবে। তাই বিচারক আগামীকাল সোমবার অন্তর্বর্তীকালীন জামিন শুনানির জন্য দিন ঠিক করেন।
এর আগে ২৫ এপ্রিল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বাদীর সঙ্গে আপস শর্তে জামিন দেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর কানাডা প্রবাসী শামীমা আক্তার অর্নির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজী আসিফ। আসিফ বেশকিছু বিজ্ঞাপনে মডেল হয়ে নজর কাড়েন। এরপরে তার সঙ্গে বাদীর সংসারে টানাপড়েনের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে আসিফ অর্নির কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। সে ঘটনায় এ বছরের ৬ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -২-এ অর্নি বাদী হয়ে মামলা করেন। মামলাটির বিচার বিভাগীয় তদন্ত শেষে আদালত আসিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।