রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার তথ্য হাইকোর্টকে অবহিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রবিবার (৬ মে) বিষয়টি জানার পর বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার (৭ মে) এ বিষয়ে আদেশর জন্য দিন রেখেছেন।
গত ৩ এপ্রিল দুই বাসচালকের বেপরোয়া গাড়ি চালানোর শিকার হন তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেন। ওই ঘটনায় দুই বাসের চাপে হাত কাটা পড়ে রাজীবের। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর গত ৪ এপ্রিল রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। হাইকোর্ট অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। পাশাপাশি রাজীবের চিকিৎসার খরচ স্বজন পরিবহন মালিক এবং বিআরটিসিকে বহনের নির্দেশ দেন হাইকোর্ট।
এ ছাড়া, রাজীবকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকর করতে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং প্রয়োজনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইন সংশোধন বা নতুন করে বিধিমালা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সে রুলটি বর্তমানে বিচারাধীন।
তবে রুল বিচারাধীন থাকাবস্থাতেই গত ১৬ এপ্রিল সোমবার দিনগত রাত ১২টা ৪০ মিনিটে রাজীব মারা যান। সে বিষয়টি আদালতকে অবহিত করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।