উত্তরায় গৃহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে গৃহকর্তা আটক

আটক

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এক বাসায় গৃহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে গৃহকর্তা আনিসুর রহমানকে আটক করেছে পুলিশ। রবিবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের ২২ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। এসময় ওই গৃহকর্মীকেও উদ্ধার করা হয়। উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেন।

ঘটনার শিকার গৃহকর্মীর স্বজনরা জানান, গত ১১ এপ্রিল ১৮ বছর বয়সী মেয়েটিকে গৃহকর্মী হিসেবে বাসায় নিয়ে আসে আনিসুর রহমান। এরপর থেকে সে মেয়েটিকে যৌন নির্যাতন শুরু করে। আনিসুর রহমান মেয়েটিকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বা মোবাইল ফোনে কথা বলতেও দিতো না।

ঘটনার শিকার মেয়েটির দুলাভাই বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক চেষ্টার পর শনিবার (৫ মে) বিকালে আমার শ্যালিকার সঙ্গে দেখা করার অনুমতি দেয় আনিসুর রহমান। ওই সময় ভয়ে আমার শ্যালিকা নির্যাতনের ব্যাপারে কিছু জানায়নি। তবে ফিরে আসার সময় সে তার বোনের ব্যাগে একটি চিঠি ঢুকিয়ে দেয়। গাড়িতে উঠার পর ব্যাগ ঘাঁটতে গিয়ে আমরা ওই চিঠি পাই, যাতে যৌন নির্যাতনের ব্যাপারটা উল্লেখ আছে। এরপর আমরা উত্তরা থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ গিয়ে আমার শ্যালিকাকে উদ্ধার ও আনিসুর রহমান আটক করে।’

উত্তরা জোনের এসি মো. কামরুজ্জামান বলেন, ‘গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ওই বাসার গৃহকর্তা থানায় আটক আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলছে।’ স্বাস্থ্য পরীক্ষার জন্য ঘটনার শিকার মেয়েটিকে আজ (সোমবার) হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।