শাহজালালে ‌৩০ লাখ টাকার সোনার বার জব্দ

nonameশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০০ গ্রাম স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সোমবার রাত ৯টায় সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এগুলো আটক করা হয়। আটককৃত বারগুলোর দাম প্রায় ‌৩০ লাখ টাকা। এছাড়া একইসঙ্গে তার কাছ থেকে আরও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বাংলা ট্রিবিউন’কে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ওই যাত্রী কোনও প্রকার ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বের হচ্ছিল। এ সময় সে বিশেষ কায়দায় তার শরীর, মানিব্যাগ ও প্যান্টের পকেটের মধ্যে এসব স্বর্ণালঙ্কার লুকিয়ে রাখে। তবে শুল্ক গোয়েন্দা দল সেগুলো উদ্ধারে সমর্থ হয়।

গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল আগেই জানতে পারে আরএক্স-৭৮৫ যোগে স্বর্ণ চোরাচালান হবে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার দেহ এবং মালামাল তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।