অর্থ আত্মসাত মামলায় সোনালী ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড

আদালত

অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক নর্থ সাউথ রোর্ড শাখা ব্যবস্থাপকসহ তিন জনকে পৃথক ধারায় পাঁচ বছর করে কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন– সোনালী ব্যাংকের নর্থ সাউথ রোডের সাবেক ব্যবস্থাপক মো. শাহজাহান খন্দকার, রুস্তম আলী (পলাতক) ও মো. আনিসুর রহমান (পলাতক)। পলাতক আসামি রুস্তুম আলী ও আনিসুর রহমানকে অন্য দুই ধারায় আরও ৫ বছর করে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের আইনজীবী রফিকুল ইসলাম জুয়েল বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়ে বলেন, বিচারক তিন ব্যাংক কর্মকর্তা রণজিত কুমার বণিক, মো. মফিদুল ইসলাম ও মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন।

আদালত সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজসে সোনালী ব্যাংকের ৯৮ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাত করেন। এ অভিযোগে ১৯৯৪ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালী থানায় সোনালী ব্যাংকের নর্থ সাউথ রোড শাখার তৎকালীন ব্যবস্থাপক গোলাম মর্তুজা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ২০০২ সালের ১৭ ফেব্রুয়ারি এ মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) আবুল কালাম। ১৫ জনের সাক্ষ্য নিয়ে আদালত আজ এই রায় দেন।