‘সব প্রতিষ্ঠানে ছয় মাস সবেতন মাতৃত্বকালীন ছুটি কার্যকর করতে হবে’

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সমাবেশেসব প্রতিষ্ঠানে ছয় মাস সবেতন মাতৃত্বকালীন ছুটি কার্যকরসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন মায়েরা। শুক্রবার (১১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আয়োজিত সমাবেশে তারা এই দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন-ঘরের কাজে মায়ের অবদান আছে, মূল্য নেই। সন্তান ধারণের ব্যাপারে, সন্তানের শিক্ষা, বিয়ে, কোনও বিষয়ে কি মায়ের মতামতের মূল্য আছে?

ওয়াজের নামে, ফতোয়ার নামে নারীদের হেয় করলে কি মায়ের মর্যাদা ভূলুণ্ঠিত হয়না প্রশ্ন করে বক্তারা বলেন, ‘ছোট বেলায় বাবার সংসারে, বিবাহিত জীবনে স্বামী ও শেষ বয়সে সন্তানের মুখাপেক্ষী থাকাই যেন নারী জীবনের নিয়তি। সারাদেশে অব্যাহতভাবে বেড়ে চলছে নারী শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যা। ঘরে বাইরে কোথাও নারী নিরাপদ নন। আবার নির্যাতনের ক্ষেত্রে নারীর বয়সও কোনও বিষয় হচ্ছে না। যেখানে নারী মর্যাদাই পাচ্ছেনা, সেখানে একজন মা কিভাবে সম্মানিত হবেন? কিছু ব্যতিক্রম বাদ দিলে বেশিরভাগ নারীর জীবন বেদনা, উপেক্ষা, চোখের জল আর দীর্ঘশ্বাসে পূর্ণ। মা হতে পারাই নাকি জীবনের পূর্ণতা অথচ শ্রমজীবী-কর্মজীবী নারীরা সন্তানসম্ভবা হলে তার চাকরি বা কাজ রক্ষা করাই কঠিন হয়ে পড়ে।’

সমাবেশ থেকে তুলে ধরা পাঁচ দফা দাবি হলো- সারাদেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যা বন্ধ করতে হবে; সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে ছয় মাস সবেতন মাতৃত্বকালীন ছুটি কার্যকর করতে হবে; প্রতিষ্ঠান ও এলাকাভিত্তিক ডে কেয়ার সেন্টার চালু করতে হবে; গৃহস্থালি কাজের মূল্য জিডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে ও বয়স্ক অসহায় মায়েদের জন্য সরকারি উদ্যোগে জেলায় জেলায় পরিচর্যা কেন্দ্র নির্মাণ করতে হবে।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শম্পা বসু, কেন্দ্রীয় উপদেষ্টা শামসুন নাহার জোৎস্না, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মুক্তা বাড়ৈ প্রমুখ।