ট্যুরিস্ট পুলিশের ডিআইজি সোহরাব হোসেন মারা গেছেন

মো. সোহরাব হোসেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. সোহরাব হোসেন মারা গেছেন। শনিবার (১২ মে) সকাল সোয়া ১০টায় রাজধানীর মনোয়ারা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

সোহরাব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাদ আসর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে, সোহরাব ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বিসিএস (পুলিশ) সার্ভিসে যোগদান করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপ্যাল, রেলওয়ে ও হাইওয়ে রেঞ্জের ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সিআইডির ডিআইজি, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং শরীয়তপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, নড়াইল ও রাজবাড়ী জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬২ সালে লালমনিরহাট জেলার সদর উপজেলার কিসামত বিদ্যাবাগিশ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

তিনি মোজাম্বিক ও বসনিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে অসাধারণ কর্মদক্ষতার জন্য জাতিসংঘ শান্তিপদক লাভ করেন।