খালেদা জিয়ার জামিন বিষয়ে রায় ঘোষণা আপিল বিভাগের কার্যতালিকায়

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল আবেদনের ওপর আগামীকাল বুধবার (১৬ মে) আপিল বিভাগের রায় ঘোষণার দিন নির্ধারণ রয়েছে। ওই দিন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রায় ঘোষণা করবেন।  মামলাটির রায় ঘোষণার জন্য আপিল বিভাগের কার্যতালিকায় (কজ লিস্ট) এক নম্বর ক্রমিকে রাখা হয়েছে।

খালেদা জিয়া (ফাইল ছবি)বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
এর আগে গত ৮ ও ৯ মে মোট দু’দিন এ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে মামলাটির রায় ঘোষণার জন্য মঙ্গলবার (১৫ মে) দিন ধার্য থাকলেও এ বিষয়ে পুনরায় শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে এ বিষয়ে শুনানি নিয়ে রায় ঘোষণার জন্য বুধবার (১৬ মে) দিন ধার্য করেন আদালত।
প্রসঙ্গত, গত ১২ মার্চ দুদকের আবেদনের শুনানি নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পাশাপাশি এ মামলায় খালেদা জিয়ার সাজা কেন বাড়ানো হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
পরে গত ১৯ মার্চ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ  ৮ মে পর্যন্ত স্থগিত করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। একইসঙ্গে খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেন আদালত। আর আপিল আবেদনের সারসংক্ষেপ পরবর্তী দুই সপ্তাহের মধ্যে জমা দিতে দুদককে নির্দেশ দেন। এ ছাড়া ৮ মে ওই আপিল আবেদনের ওপর শুনানির তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশে দেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: 
খালেদা জিয়ার জামিন বিষয়ে রায় বুধবার