রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

তেজগাঁও এলাকার মানচিত্ররাজধানীর তেজগাঁওয়ের বিজি প্রেস এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  কামরুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বিজি প্রেস সংলগ্ন স্কুলের মাঠের পাশে এ ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মিজানুর রহমান জানান, র‌্যাব-২ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কামরুল মারা গেছে। তিনি আহত অবস্থায় কামরুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতের বাবার নাম মানিক মিয়া। মহাখালীর দক্ষিণপাড়ায় তার বাসা।

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কামরুল মহাখালীর সাততলা বস্তি, কাওরান বাজার এলাকার মাদক বিক্রি করে। কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য জড়ো হচ্ছে এমন তথ্যে আমাদের টহলদল ঘটনাস্থলে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে র‌্যাবের ডিএডি রহুল ও এসআই মালেক আহত হন। তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, মাদক ব্যবসায়ী কামরুলকে গুলিবিদ্ধ পাওয়া যায়। তাকে উদ্ধার করে ঢামেক নিয়ে গেছে পুলিশ।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আনুমানিক ৩ হাজার পিস ইয়াবা, একটি ৬.৫ বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

এসআই মিজানুর জানান, মাদক বিক্রির জন্য একদল মাদক ব্যবসায়ী বিজি প্রেস এলাকায় অবস্থান করছে–এমন খবরে অভিযান পরিচালনা করে র‌্যাব-২।  বিজি প্রেস সংলগ্ন স্কুলের মাঠের পাশে যাওয়ার পর র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি চালালে আহত হয় কামরুল। পরে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক এসএমএস বার্তায় জানানো হয়েছে, তেজগাঁও রেললাইন বস্তি এবং মহাখালী সাততলা বস্তি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী কামরুল ১৫টির অধিক মাদক ও অস্ত্র মামলার আসামি।