বায়রা’র নির্বাচনে বাধা নেই

বায়রাবাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরও  ৯ মাস বাড়ানোর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৮ মে) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ আদেশ দেন।
এ আদেশের ফলে আগামী ২৪ জুন অনুষ্ঠেয় বায়রার নির্বাচন হতে কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
একইসঙ্গে বর্তমান কমিটির মেয়াদ বাড়িয়ে  বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও উপ সচিব, পরিচালক (ট্রেড অর্গানাইজেশন্স), বায়রা’র সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন স্বপন, কল্যাণ সম্পাদক, বায়রা’র নির্বাচনি বোর্ড এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। 

পরে রাশনা ইমাম বলেন, ‘এর আগে ২০১৬ সালের ১৩ জুলাই দু’বছরের জন্য বায়রা’র বর্তমান কমিটি নির্বাচিত হয়। এ কমিটির মেয়াদ চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত। সেই মেয়াদ শেষের দিকে আসায় এ বছরের ২২ মার্চ বায়রা’র নির্বাচন বোর্ড নির্বাচনের জন্য নতুন তারিখ ঘোষণা করে। সে অনুসারে আগামী ২৪ জুন বায়রা’র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কিন্তু এরই মধ্যে বায়রা’র বর্তমান সভাপতি বেনজির আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান কমিটির মেয়াদ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। ওই আবেদনে সভাপতি রোজা, ঈদ, হজ, বর্ষা, ঈদুল আজহা ও জাতীয় নির্বাচনের কারণে সময় বাড়ানোর কথা বলেন।’  

রাশনা ইমাম আরও বলেন, ‘এ ধরনের মেয়াদ বাড়ানো বেআইনি। কারণ, এটা করবে পরিচালক (ট্রেড অর্গানাইজেশন্স)। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাজ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ কারণে আদালত রুল জারি করেছেন।’