রাজধানীর পল্লবী এলাকার কালশীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান শুরু হয়।
অভিযান শেষে দুপুর ২টার দিকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কালশী এলাকাতে অভিযান চালানো হয়। এসময় ২৭ জনকে আটকের পাশাপাশি বিভিন্ন স্থানে তল্লাশি করে ২১১০ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা, ৬৬০ গ্রাম হেরোইন ও ৬০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, অভিযানে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্য ও ডগ স্কোয়াড অংশ নেয়। তবে অভিযানে কোনও ধরনের বাধা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।