সদরঘাটে দুদকের অভিযান





সদরঘাট লঞ্চ টার্মিনাল (ছবি: ফোকাস বাংলা)ঈদে নৌপথে নিরাপত্তা ও যাত্রীসেবা নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়েছে। সোমবার (৪ জুন) এ অভিযান চালানোর সময় বিভিন্ন বিষয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে পরামর্শ দেয় তারা।


দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
উপপরিচালক হেলাল উদ্দিন শরীফের নেতৃত্বে পাঁচ সদস্যের পুলিশ ফোর্স নিয়ে ১০ সদস্যের এনফোর্সমেন্ট টিম এ অভিযানে অংশ নেয়।
দুদক কর্মকর্তারা জানান, দুদক টিম যাত্রীবাহী নৌযান চলাচলে আইন লঙ্ঘন হচ্ছে কিনা, তা প্রত্যক্ষ করেন। এছাড়া সার্ভেবিহীন নৌযান, ঝুঁকিপূর্ণ নৌযানসহ অবৈধ নৌযান যেন কোনোভাবে যাত্রা না করে, তা নিশ্চিত করতে দুদক টিম বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে।
ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় এবং নৌ সেক্টরে আদায় করা রাজস্ব নিয়ে যেন কোনও দুর্নীতি না ঘটে, তা নিশ্চিত করতে সদরঘাট পোর্ট অফিসারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘নৌ সেক্টরে সুশাসন এবং যাত্রীদের নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতে দুদক টিম সার্বক্ষণিক নজরদারি করছে। যাত্রীদের অভিযোগ গ্রহণের জন্য দুদক কল সেন্টার ১০৬ প্রস্তুত আছে।’