কাগজ নেই ‘ভারতীয় শাড়ি’র, ‘মনে রেখ’কে জরিমানা

মনে রেখ শাড়িভারতীয় বলে বিক্রি করা শাড়ির আমদানি সংক্রান্ত কাগজ দেখাতে না পারায় ‘মনে রেখ’কে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার দুপুরে এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে ‘মনে রেখ’ শাড়ির প্রধান শোরুমে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও উপ-পরিচালক শাহীন আরা মমতাজ। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযানের সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ ও ১১ এর সদস্যরা।

অভিযান শেষে মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, ‘মনে রেখ শাড়ি ঘরের রাজধানীতে বেশ কয়েকটি শোরুম রয়েছে। বিভিন্ন সময় প্রতিষ্ঠানটি দেশীয় তৈরি শাড়ি বিদেশি বা ভারতীয় বলে বিক্রি করত। তাদের দোকান বা শোরুমে থাকা অধিকাংশ শাড়িই ভারতীয় বলে বিক্রি করা হচ্ছে। অথচ সেগুলোর কাগজ দেখাতে বলা হলে তারা তা দেখাতে পারেনি।’

তিনি আরও বলেন, ‌‘আমরা ধারণা করছি, ভারত থেকে অবৈধপথে সেগুলো ভ্যাট, ট্যাক্স ফাঁকি দিয়ে আনা অথবা দেশীয় তৈরি শাড়ি ভারতীয় বলে বিক্রি করছে। ফলে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। তাদের প্রধান শোরুমকে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে। পরে রাজধানীর বাকি শোরুমগুলোতেও অভিযান চালানো হবে।’