প্রিজনভ্যানে বসে ফেসবুক লাইভে কটূক্তি, দুজন রিমান্ডে

 

 

রিমান্ডরাজধানীর খিলগাঁওয়ে মাদকবিরোধী অভিযানের সময় প্রিজনভ্যানে বসে ফেসবুকে লাইভের মাধ্যমে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১১ জুন) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক প্রণব কুমার হুই আসামি পক্ষের রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতে সবুজবাগ থানা সাধরণ নিবন্ধন কর্মকর্তা মো. মুকুল বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
রিমান্ডে নেওয়া আসামিরা হলো মেহেদী হাছান ওরফে আলামিন (২৩) ও শামীম চৌধুরী (২৪)।
গত শনিবার (৯ জুন) মাদকবিরোধী অভিযানে খিলগাঁও ও রামপুরা থেকে ৪৩ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে আলামিন ও শামীমসহ পুলিশের প্রিজনভ্যান থেকেই ফেসবুক লাইভ করে। সেখানে তারা নিজেদের নির্দোষ দাবিও করে।
মো. মুকুল বলেন, ‘সোমবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম সোশ্যাল মিডিয়া মনিটরিং বিভাগের (পরিদর্শক) রফিকুল ইসলাম ৫ দিনের রিমান্ডের আবেদন করে এ আসামিদের আদালতে হাজির করেন।’
প্রসঙ্গত, প্রিজনভ্যানে বসে ফেসবুক লাইভে নিজেদের নির্দোষ দাবি করা এ দুই আসামিসহ কয়েকজনের ব্যাপারে যাচাইবাছাই করে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা না পেয়ে তাদের পরে ছেড়ে দেওয়া হয়। তবে লাইভে হুমকি ও কটূক্তি করার অভিযোগে এনে আলামিন ও শামীমকে আবার গ্রেফতার করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। পরে এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।