একদিনে সারাদেশে সড়কে নিহত ৫২: যাত্রী কল্যাণ সমিতি

নাটোরে শনিবার দুর্ঘটনা কবলিত অটোরিকশাঈদ শেষে কর্মস্থলে ফেরার সময় শুধু আজ শনিবারই (২৩ জুন) সারাদেশে ৫২ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল। তাদের তথ্যমতে, শনিবার দুপুর ১২টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে।

মনিটরিং সেল জানায়, সড়ক দুর্ঘটনায় গাইবান্ধায় ১৯ জন, রংপুরে ৬ জন, গোপালগঞ্জে ৫ জন, সাভারে ৪ জন, নাটোর ও চট্টগ্রামে ৩ জন করে, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও ফরিদপুরে ২ জন করে এবং টাঙ্গাইল, রাজবাড়ী, কক্সবাজার, নরসিংদী, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে নিহত হয়েছেন।

মুকসুদপুরে শনিবার দুর্ঘটনায় গুঁড়িয়ে যাওয়া একটি ভ্যানসড়কে এ ধরনের মৃত্যু থামাতে জরুরিভিত্তিতে মনিটরিং ব্যবস্থা চালু এবং আহতদের চিকিৎসা ও হতাহতদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঈদের আগে সড়ক-মহাসড়কে বিভিন্ন সংস্থার কর্মতৎপরতা লক্ষ্য করা গেলেও ঈদের পরে কোনও তৎপরতা না থাকায় সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ঈদের আগের মতো ঈদের পরেও এই তৎপরতা অব্যাহত রাখলে এই মৃত্যুর মিছিল থামানো সম্ভব।’