কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো ও অন্যন্য নাশকতায় ঘটনায় দায়ের করা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২৫ জুন) মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্তকারী কর্মকর্তারা কোনও প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী পরবর্তী এ তারিখ ঠিক করে দেন।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ৮ এপ্রিল রাত ১টার দিকে সহস্রাধিক বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়াল টপকে বাসায় ঢুকে ভাঙচুর করে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। এছাড়া বাসভবনের আশপাশেও একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ওই ঘটনায় ১০ এপ্রিল উপাচার্যের বাড়িতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে অপর তিনটি মামলা দায়ের করেন।