ঘুষ নেওয়ার অভিযোগে ওয়াসার কর্মকর্তা জাহিদুর কারাগারে

আদালতঢাকা ওয়াসার কর্মকর্তা জাহিদুর রহমানকে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ  দিয়েছেন আদালত।
বুধবার (২৭ জুন)  ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক নূর নাহার ইয়াসমিন আসামি জাহিদুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদনসহ আসামিকে  আদালতে হাজির করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ জুন) বিকালে রাজধানীর উত্তরার ওয়াসার জোন-৯ এর প্রকল্প ব্যবস্থাপকের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারেন, ভোক্তাদের কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ গ্রহণ করবেন ওই ফিল্ড অফিসার। এ তথ্যের ভিত্তিতে দুদকের একটি টিম সেখানে অবস্থান নিয়ে ওয়াসার  কর্মকর্তা জাহিদুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করে।