শহরের বস্তি এলাকায় জনসংখ্যা বাড়ার হার কমানোর তাগিদ

বস্তিবাসী (ছবি: ইন্টারনেট থেকে)

শহরের গরিব ও বস্তি এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে স্থানীয় সরকার, স্বাস্থ্য অধিদফতর এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের মধ্যে সমন্বিত কর্মসূচি প্রণয়নের তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় জনসংখ্যা পরিষদের নির্বাহী কমিটির সভায় সভাপতিত্বকালে তিনি এই তাগিদ দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নগরায়নের প্রভাবে গ্রাম থেকে মানুষ বেশি মাত্রায় শহরমুখী হয়ে পড়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে নগরের বস্তি ও দরিদ্র এলাকায় আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। তিনি সিটি করপোরেশনের পরিবার পরিকল্পনা কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে পরিবার পরিকল্পনা অধিদফতর এবং স্বাস্থ্য অধিদফতরকে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। স্বাস্থ্যমন্ত্রী দেশের বৃদ্ধ জনগোষ্ঠীর স্বাস্থ্যমান উন্নয়নে ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্বাস্থ্যডেস্ক চালু করার উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেন।

তিনি বলেন, জেলা ও উপজেলা এবং ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এই বিশেষ ডেস্ক প্রবর্তন করতে হবে। এখান থেকে বয়স্কদের স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাফল্য আরও উজ্জ্বল করতে বাল্যবিবাহ রোধে স্থানীয় জনগোষ্ঠী বিশেষ করে অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি প্রণয়ন করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সভায় অন্যদের মাঝে স্থানীয় সরকার সচিব ড. জাফর আহমেদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বেসরকারি মেডিক্যাল কলেজ পরিচালনা নীতিমালা বাস্তবায়ন সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হকসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।