রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের অপমৃত্যু হয়েছে। বনানী ও ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকার মধ্যবর্তী স্থানে তার মরদেহ পাওয়া গেছে। বুধবার (৫ জুলাই) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রবি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। তার বয়স আনুমানিক ৬০ বছর। তার পরনে ছিল সাদা কালো চেক শার্ট ও চেক লুঙ্গি। পুলিশ সকালের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।