কদমতলীতে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

রাজধানীর কদমতলী সাদ্দাম মার্কেটের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রাসেল চৌধুরী জানান, বিকালে সাদ্দাম মার্কেট ব্যাপারী বাড়ির সামনে মেইন রোডে হেঁটে রাস্তা পার হওয়ার সময় গুলিস্তানগামী কমল পরিবহনের একটি বাস শহিদুলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মো. মনির হোসেন জানান, গুলিস্তান ফুলবাড়িয়া জাকের সুপার মার্কেটে তাদের একটি গার্মেন্টস এক্সেসরিজের দোকান আছে। বিকালে দোকান থেকে বাসায় ফেরার পথে শহিদুল দুর্ঘটনার শিকার হন।

তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে। তিনি ৩ ছেলেসহ পরিবার নিয়ে মাতুয়াইল মুসলেমনগর জিরো পয়েন্ট এলাকায় থাকতেন।