বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক যুবকের পরিচয় মিলেছে





বন্দুকযুদ্ধরাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত দুই যুবকের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম মাহবুব আলম অমিত (৩০)। মুন্সিগঞ্জের লৌহজংয়ের মীরের হাওলা গ্রামের মো. ফিরোজ আহমেদ ছেলে তিনি। শুক্রবার (৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে উপস্থিত হয়ে অমিতের বাবা ও তার স্ত্রী যুথী মরদেহ দেখে পরিচয় শনাক্ত করেন।
অমিতের বাবা ফিরোজ আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, মিরপুর ১১ নম্বর সেকশনের সাংবাদিক কলোনিতে থাকতো অমিত। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো। গত পরশুদিন বুধবার (৪ জুন) সন্ধ্যায় বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার (৫ জুন) রাতে অপরিচিত এক নম্বর থেকে তাদের ফোন দিয়ে জানানো হয়, অমিতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রয়েছে।
শুত্রবার ময়নাতদন্ত শেষে অমিতের স্বজনেরা লাশ নিয়ে যায়।
এর আগে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম দুটি লাশেরই সুরুতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি উল্লেখ করেন, অমিতের বুক, পেট ও পিঠে মোট ১৯টি রক্তাক্ত ছিদ্র রয়েছে। আর অন্যজনের শরীরে রয়েছে ১২টি ছিদ্র।