৮৫১ কোটি টাকায় রাডার বসাবে বেবিচক





সিভিল এভিয়েশন অথরিটি৮৫১ কোটি টাকা ব্যয়ে মাল্টি-মোড সার্ভেইল্যান্স সিস্টেম (রাডার) বসাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অ্যারোনটিক্যাল টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক (সিএনএস-এটিএন) সিস্টেম নামে রাডার বসানোর প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। একনেক বৈঠকে অনুমোদন পেলেই সরকারি অর্থায়নে এ রাডার বসনো হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১ জুন রাডার বসানোর প্রকল্পটির বিস্তারিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, সচিব মো. মহিবুল হকের উপস্থিতিতে বেবিচকের পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির তুলে ধরেন। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) বিশেষজ্ঞদের সহায়তায় রাডার স্থাপনের কারিগরি বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে।
বেবিচকের পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির বলেন, ‘বিমান মন্ত্রণালয়ে প্রকল্পটি জমা দেওয়া হয়েছে। সেখান থেকে অনুমোদিত হয়ে বিশদ প্রকল্প প্রস্তাবনার (ডিপিপি) জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হবে।’
প্রসঙ্গত, রাডার প্রতিস্থাপনের উদ্যোগ ২০০৫ সালে শুরু হলেও নানা জটিলতায় বাস্তবায়ন হয়নি। পিপিপিতে অস্বাভাবিক ব্যয় ও নিরাপত্তাজনিত কারণে রাডার স্থাপনের প্রকল্পটি ২০১৭ সালের মার্চে পিপিপির পরিবর্তে সরকারি অর্থায়নে বাস্তবায়নের জন্য অনুমোদন দেয় মন্ত্রিসভা।