পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৩৪টি ফার্মেসির মালিকদের ৬০ লাখ টাকা জরিমানাও করা হয়। জব্দ করা হয়েছে আট কোটি টাকার ভেজাল ওষুধ।
মঙ্গলবার (২৪ জুলাই) বিকালে শুরু হওয়া এ অভিযান চলে রাত ৯টা পর্যন্ত। র্যাব-১০-এর উদ্যোগে বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম অভিযান পরিচালনা করেন। এ সময় ওষুধ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সারওয়ার আলম জানান, অনুমোদনহীন বিদেশি ও বিভিন্ন নকল ওষুধ রাখার অভিযোগে এ অভিযান শুরু হয়। বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি কাইয়ুমুজ্জামান জানান, জননী ও মেট্রো মেডিসিন মার্কেটের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩৪টির বেশি ওষুধের দোকানকে ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আট কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে।