আদালত অবমাননার মামলায় জামায়াত নেতা হামিদুর কারাগারে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালআদালত অবমাননার মামলায় জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদের জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আদালত অবমাননার মামলায় হামিদুর রহমান আত্মসমর্পণ করে জামিন চাইলে বুধবার (২৫ জুলাই) আইসিটির চেয়ারম্যন বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আদালতে আসামির পক্ষে শুনানি করন আইনজীবী আব্দুস সুবহান তরফদার ও মুজাহিদুল ইসলাম শাহীন।
এর আগে বুধবার আদালত অবমাননার মামলায় ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন হামিদুর রহমান। এরপর তার পক্ষে জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। কিন্তু ট্রাইব্যুনাল তার আবেদন খারিজ করে দেন। একইসঙ্গে আদালত অবমাননার মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৩ সালের মার্চ মাসে ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করায় জামায়াত নেতা রফিকুল ইসলাম খান,নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ ও মো. সেলিম উদ্দিনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে শোকজ নোটিশ জারি করেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে তাদেরকে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। কিন্তু তিন দফা সময় দেওয়ার পরও হাজির না হওয়ায় ২০১৩ সালের ৬ মার্চ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

এরপর ওই বছরের ১০ মার্চ র‌্যাব সেলিম উদ্দিনকে গ্রেফতারের পর ট্রাইব্যুনালে হাজির করলে বিচারক তাকে জামিন দেন। একইদিন আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য জমা দেন সেলিম। বাকি দুজনকে গ্রেফতারে সময় বাড়ালেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে ওই তিন আসামির মধ্যে হামিদুর রহমান আযাদ বুধবার ট্রাইব্যুনালে হাজির হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি সেলিম উদ্দিন মতিঝিলে এক সমাবেশে বলেন, ‘দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়ার কোনেও সুযোগ নেই।’ হামিদুর রহমান আযাদ বলেন, ‘এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না।’ এছাড়া, রফিকুল ইসলাম খান একই বছরের ৫ ফেব্রুয়ারি প্রেস ব্রিফিং করে ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে বক্তব্য দেন। এই বক্তব্যের কারণে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।