শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন


শিশু নির্যাতন
ঢাকার উপকণ্ঠ সাভারে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফয়সাল হোসেন মিন্টু (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-৯। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের কারাভোগের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (২৫ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৯ এর বিচারক মো. শরীফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলার একমাত্র আসামি ফয়সাল হোসেন মিন্টু ঝালকাঠি জেলার রাজাপুর থানার কানুদাস কাঠি গ্রামের আব্দুল সোবহানের ছেলে। সে মামলায় জামিন নিয়ে এখন পলাতক।
মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, সাভার থানার একটি কিন্ডারগার্টেন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ওই শিশু শিক্ষার্থীকে প্রায়ই উত্ত্যক্ত করতো মিন্টু। ২০১২ সালের ১০ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ ও এর ভিডিও ধারণ করে মিন্টু। এরপর ঘটনা ফাঁস করলে ভিডিও প্রকাশের ভয় দেখায়। এরপর নিজেই ওই ভিডিও এলাকার লোকজনকে দেখায়। এ ঘটনা জানাজানি হলে মিন্টুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন শিশুটির বাবা। ২০১৩ সালের ২৩ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।