আপিল বিভাগের নির্দেশনা থাকা সত্ত্বেও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিএনপির নেতা, সমর্থক ও প্রচারকারীদের গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট সগীর হোসেন লিওন এ রিট দায়ের করেন।
পরে সগীর হোসেন লিওন বাংলা ট্রিবিউনকে বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সেখানে বিএনপির নেতা, সমর্থক ও প্রচারকারীদের গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, নির্বাচন কমিশন, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনার,জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ মে প্রধান নির্বাচন কমিশনার বরিশালসহ তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর তা ১৩ জুন থেকে কার্যকর হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বরিশাল সিটি নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৩০ জুলাই।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে একজন মেয়র, ৩০ ওয়ার্ডে ৩০ জন সাধারণ কাউন্সিলর এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে আরও ১০ জনকে নির্বাচিত করা হবে। এবার ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৭৩০ জন।
তবে এ সিটি নির্বাচনের পূর্বে আপিল বিভাগের আদেশ অমান্য করে যেন বিএনপির নেতাকর্মীদের যেন গ্রেফতার না করা হয়,তার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।