দেশে প্রায় এককোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ১১টায় সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসের অতীত ও বর্তমান প্রাদুর্ভাব এবং নির্মূলের সুপারিশমালা’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ও হেপাটোলজি সোসাইটির জেনারেল সেক্রেটারি ডা. মো. শাহিনুল আলম।
প্রবন্ধে জানানো হয়, গত ৪৭ বছরে অধ্যাপক মবিন খানের নেতৃত্বে বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের করা ভাইরাল হেপাটাইটিস সম্পর্কিত ১৫৪টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এসব গবেষণাপত্র বাংলাদেশ, ইন্ডিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, চীন, হাঙ্গেরি, তুরস্ক, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইন থেকে প্রকাশিত হয়েছে। এসব গবেষণার জন্য বাংলাদেশের লিভার বিশেষজ্ঞরা এপর্যন্ত ১৫টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।
সর্বশেষ গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রায় ৮৫ লাখ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে পুরুষ প্রায় ৫৭ লাখ এবং নারী ২৮ লাখ। ১৮ থেকে ৩০ বছর বয়সী আক্রান্ত যুবক-যুবতীর সংখ্যা প্রায় ২৫ লাখ এবং সন্তানদানে সক্ষম নারীর সংখ্যা (১৮ থেকে ৪৫ বছর) ১৮ লাখ। বাংলাদেশে তরুণ ও যুবকরাই বেশি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। কিশোরদের সংখ্যা প্রায় ১৫ লাখ।
সর্বশেষ গবেষণামতে, বাংলাদেশে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্তের হার শূন্য দশমিক ২ শতাংশ। অর্থাৎ প্রতি ৫০০ জনে ১ জন হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত।
সেমিনারে জানানো হয়, ২৮ জুলাই বিশ্বব্যাপী ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালিত হবে। এবারের প্রতিপাদ্য, হেপাটাইটিস নির্মূল করা।
সেমিনারে সভাপতিত্ব করেন হেপাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মবিন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর বিশেষজ্ঞ ভাইরেলোজিস্ট অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ এবং বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নুরুদ্দীন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আবু সাঈদ, ডা. মোতাহার হোসাইন, ডা. মো. শাহিনুল আলম, ডা. গোলাম আজম, ডা. গোলাম মোস্তফা, ডা. মোড়ল নজরুল ইসলাম প্রমুখ।