বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

সিটি কলেজসরকারের নির্দেশে আজ (বৃহস্পতিবার, ২ আগস্ট) রাজধানীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বলছেন, সরকারের নির্দেশেই তারা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজ, ঢাকা কলেজে, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, কমার্স কলেজ, ধানমন্ডি সরকারি উচ্চবিদ্যালয়, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল, মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়, তেজগাঁও সরকারি কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম চলছে।’

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের অধ্যক্ষ আব্দুল খালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকার যেহেতু জানিয়েছে সব কার্যক্রম বন্ধ থাকবে, সে কারণেই স্কুল বন্ধ রাখা হয়েছে। সরকারের নির্দেশ পালন করছি।‘

ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমনিতেও দুদিন আমরা নিজেরা বন্ধ রেখেছিলাম। এছাড়া, সরকার বন্ধ ঘোষণা করেছে—বন্ধ তো রাখতেই হবে।’

উল্লেখ্য, বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর শিক্ষার্থীরা আন্দোলনে নামে। স্কুল- কলেজ খোলা থাকার কারণে ইউনিফর্ম পরেই রাস্তায় বিক্ষোভ করে তারা। ফলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্টের কারণে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়। এদিকে, বুধবার (১ আগস্ট) সন্ধ্যায় সরকার বৃহস্পতিবার (২ আগস্ট) একদিনের জন্য সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে।

তবে বেশ কিছু সূত্রের দাবি, শিক্ষার্থীরা যাতে আর আন্দোলনে নামতে না পারে, সে লক্ষ্যে বাধা দিতেই এই ছুটি ঘোষণা করা হয়েছে।