জাবালে নূর বাসের মালিক রিমান্ডে

ba902c8c1f12eed6e98b265d86b2955c-5a97ba83320ecরাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গ্রেফতার জাবালে নূর বাসের মালিকের সাতদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম ওই গাড়ির মালিক শাহাদাৎ হোসেনকে আদালতে হাজির করেন। তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল দুই শিক্ষার্থী নিহত হওয়া ঘটনার সঙ্গে জড়িত ঘাতক গাড়িচালক মাসুম বিল্লাহকে সাতদিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম এএইচএম তোয়াহা। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অপর বাসচালক ও হেলপারসহ চারজনকে গত ৩১ জুলাই আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান। তারা হলেন, মো. এনায়েত হোসেন (৩৮), মো. সোহাগ আলী (৩৫), মো. রিপন হোসেন (৩২) ও মো. জোবায়ের (৩৬)।



উল্লেখ্য, ২৯ জুলাই দুপুরে কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাসস্ট্যান্ডে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিল। তখন জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার সময় মুখেই দাঁড়িয়ে যায়। এ সময় পেছন থেকে আরেকটি দ্রুতগতির জাবালে নূরের বাস ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় দুই শিক্ষার্থী। তারা হলেন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব। ওই ঘটনায় নিহত দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।