তিনি বলেন, ‘ধাক্কা দিতে না পারলে কেউ আপনার কথা শুনবে না। আজকে আমাদের সন্তান ধাক্কাটা দিচ্ছে। আমরা এতদিন যে আন্দোলন করে আসছি, সেটি বাস্তবায়ন করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এ কারণে যানজট নিয়ে আমার কোনও দুঃখবোধ নেই। আমি আনন্দিত।’ তিনি আরও বলেন, ‘আমি যখন ক্যান্টনমেন্ট দিয়ে চলি, তখন দেখি সেখানে কত সুন্দরভাবে গাড়ি চলে। সবাই নিয়ম মেনে চলে। আমি ভাবতাম আর্মিরা যদি রাস্তার দায়িত্ব নিতো। আমাদের ছেলেমেয়েরা দায়িত্ব নিয়েছে। তারা সবকিছু ঠিক করে নিয়েছে।’
তিনি বলেন, জাবালে নূর এর আগেও দুর্ঘটনা ঘটিয়েছে। কিন্তু কী রকম ব্যবস্থা নেওয়া হয়েছে? আবার দুর্ঘটনা ঘটলো। যে ব্যানারে গাড়ি নেমেছে তারা কি ব্যবস্থাপনায় ব্যর্থ?
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি। মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন, বিআরটিএ’র সচিব মোহাম্মদ শওকত আলী, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।