বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আন্দোলনে শিশুদের যথাযথ নিরাপত্তা প্রদানের জন্য আমরা সরকারকে আহ্বান জানাই। কোনও একটি শিশুও যেন আঘাত কিংবা ক্ষতির সম্মুখীন না হয় এবং সরকারের সকল কার্যক্রমে যাতে শিশুদের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করা হয়।
গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে বলেছে, বেপরোয়া গাড়ি চালনা এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা অভাবের কারণে হওয়া এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার নিন্দা জানিয়ে সেভ দ্য চিলড্রেন বলেছে, এ ধরণের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায়না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকাহত ও আবেগতাড়িত হয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে রাস্তায় বেরিয়ে এসেছে। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সনদ (ইউএনসিআরসি) অনুযায়ী, শিশুদের অবশ্যই অধিকার রয়েছে যেসব বিষয় তাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত তাতে নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশের এবং সেই মত গুরুত্বের সঙ্গে বিবেচিত হওয়ার। তবে, এই আন্দোলন তাদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এক্ষেত্রে সরকারের দায়িত্ব তাদের সহিংসতা থেকে রক্ষা করার যতক্ষণ তারা অধিকার আদায়ের দাবিতে লড়ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুরা এখন সেবাদাতাদের কাছে জবাবদিহিতা চাইছে এবং এ ঘটনার বিচার দাবি করছে। সরকারের উচিত তাদের এ দাবি পূরণে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং বাংলাদেশের সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। এজন্য দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।