শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

single pic template-1জনদুর্ভোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। প্রধানমন্ত্রীর ওপর শিক্ষার্থীদের আস্থা রাখার আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, প্রধানমন্ত্রী নিশ্চয়ই যত দ্রুত সম্ভব সবগুলো দাবি বাস্তবায়ন করবেন। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অভিভাবক ও শিক্ষকদেরও অনুরোধ করা হয়।
শুক্রবার (৩ আগস্ট) বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের দাবিগুলো পূরণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি পদক্ষেপও নেওয়া হয়েছে।
তার মধ্যে উল্লেখযোগ্য হলো, শহীদ রমিজউদ্দিন স্কুলকে পাঁচটি বাস বরাদ্দ, স্কুল সংলগ্ন বিমানবন্দর সড়কে আন্ডারপাস নির্মাণ, দেশের প্রত্যেকটি স্কুল সংলগ্ন রাস্তায় স্পিডব্রেকার নির্মাণ, স্কুলের পাশে বিশেষ ট্রাফিক পুলিশ নিয়োগ, নিহতের পরিবারকে ২০ লাখ টাকা করে সঞ্চয়পত্র, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা, দ্রুত মামলা শেষ করার বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ, জাবালে নূরের রোড পারমিট বাতিল এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফিটনেসবিহীন সব পরিবহনের রোড পারমিট বাতিল, লাইসেন্সবিহীন ভুয়া ড্রাইভারদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ, নৌপরিবহন মন্ত্রীর ক্ষমা চাওয়া এবং জাবালে নূর পরিবহনের মালিকের সাত দিনের রিমান্ড।
বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর ওপর শিক্ষার্থীদের আস্থা রাখার আহ্বান জানিয়ে জনদুর্ভোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী নিশ্চয়ই যত দ্রুত সম্ভব সবগুলো দাবি বাস্তবায়ন করবেন। একইসঙ্গে অভিভাবক ও শিক্ষকদেরও অনুরোধ করা হয় তাদের সন্তান এবং শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফিরে যাওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য।
এছাড়া গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের র‌্যাডিসন হোটেলের কাছে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মীম ও আব্দুল করিম রাজীব নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। এ দুর্ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ ও তাদের নয় দফা দাবির প্রতিও পূর্ণ সমর্থন জানায় সংগঠনটি।