শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুয়েট ছাত্রদের অবস্থান কর্মসূচি

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে হামলার প্রতিবাদে বুয়েটে ছাত্রদের অবস্থান

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্ররা বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনারের অবস্থান কর্মসূচি পালন করছেন।

শনিবার (৪ আগস্ট) সন্ধ্যা থেকে তারা বুয়েট ক্যাম্পাসের ভেতরে শহীদ মিনারের সামনের সড়কে অবস্থান নিয়েছেন৷ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছেন৷ হামলার প্রতিবাদ জানিয়ে তারা মোমবাতি প্রজ্বালন করেন৷

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ৷ আমার ভাইকে মারলো কেন জবাব চাই দিতে হবে, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না ৷ নিরাপদ সড়ক চাই, আমার বোনকে মারলো কেন জবাব চাই দিতে হবে, লাইসেন্স ছাড়া গাড়ি চলবে না— চলবে না,  উই ওয়ান্ট জাস্টিস,  স্কুল ড্রেসে রক্ত কেন, জবাব চাই দিতে হবে ৷ তারা এ ধরনের বিভিন্ন স্লোগান দেন।

জানতে চাইলে বায়োমেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বাসু দেব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখানে অবস্থান নিয়েছি আমাদের ছোট ভাইদের ওপর হামলার প্রতিবাদে ৷ সন্ধ্যা ৬টা থেকে আমাদের অবস্থান চলছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে রাজধানীতে আমাদের ভাইদের ওপর হামলা করা হয়েছে ৷ আমরা এর প্রতিবাদ জানাতে এখানে অবস্থান নিয়েছি ৷’

শিক্ষার্থীদের অবস্থানের কারণে পলাশী এবং বকশী বাজারের সড়কে কোনও যান চলাচল করতে দেখা যায়নি ৷