দুর্বৃত্তদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন ঢাবির অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাইল আহমেদ শুভ ও ঢাকা কলেজের শিক্ষার্থী মোর্শেদ হালিম। সোমবার (৬ আগস্ট) সকালে পলাশী মোড়ে এ ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থী সোহাইল ও মোর্শেদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কর্মী। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসাধীন আছেন।
জানা যায়, সকালে রিকশায় করে বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে ঢোকার সময় চার-পাঁচজন সোহাইল ও হালিমের পথরোধ করে। পরিচয় জানার পর পলাশী মোড়ে পুলিশ বক্সের ভেতরে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে অবৈধ অস্ত্রের ব্যবসা করে বলে স্বীকারোক্তি আদায় করার চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে তাদের ব্যাপক মারধর করা হয়। এর কিছুক্ষণ পর পাশের একটি নির্জন স্থানে নিয়ে তাদের ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে সোহাইল মারাত্মকভাবে আহত হয়।
বিষয়টি জেনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। প্রক্টরিয়াল বডির সামনেও তাদের মারধর করা হয়েছে বলে সোহাইল ও মোর্শেদ অভিযোগ করেছেন। তারা আরও অভিযোগ করেন, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপসের অনুসারী।
কিন্তু অভিযোগ অস্বীকার করে তাপস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরনের কোনও ঘটনা আমি শুনিনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুজন শিক্ষার্থী আহত হওয়ার বিষয়ে অবহিত হয়েছি। তবে একজন বহিরাগত। সে কোন উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করেছে তা দেখার জন্য আমাদের তদন্ত কমিটি খতিয়ে দেখছে।’