মঙ্গলবার (৭ আগস্ট) সকালে ঢাবির ফজলুল হক মুসলিম হলে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ছাত্ররা হলেন— গণিত বিভাগের ছাত্র তারিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের মশিউর রহমান সাদিক, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের তৃতীয় বর্ষের সাদ্দাম হোসেন, তড়িৎ প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ওমর ফারুক, বায়োক্যামেস্ট্রি মোলিকুলার বায়োলজি বিভাগের জাহিদ ও ফিজিক্সের জোবাইদুল হক রনি। এদের মধ্যে তারিকুল, সাদ্দাম, রনিকে পুলিশে দেওয়া হয়েছে। তাদের রাতভর হলের ভেতরে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবি’র প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তাদেরকে থানায় দেওয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে, যদি তাদের বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট প্রমাণ না পায়, তবে যেন তা ছেড়ে দেয়।’
শাহবাগ থানার উপ পরিদর্শক আবুল হাসান বলেন, ‘ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তিনজনকে থানায় দেওয়া হয়েছে। আমরা তদন্ত করে দেখবো।’