অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একঘণ্টায় ৬ জন ঢামেকে ভর্তি



ঢামেক

রাজধানীতে বিভিন্ন জায়গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বুধবার (৮ আগস্ট) ছয়জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এক ঘণ্টার ব্যবধানে ভর্তি হওয়া এসব ব্যক্তি রাজধানীর গাবতলী, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অচেতন অবস্থায় আসা সবাই মেডিসিন বিভাগে ভর্তি রয়েছে। বুধবার বিকাল ৩ টা থেকে ৪টার মধ্যে তাদের ভর্তি করা হয়।
যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, যাত্রাবাড়ী থেকে কামাল (৪৫) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামাল জানিয়েছেন, তিনি বাসে ঝালমুড়ি খেয়েছিলেন। তার বাসা মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায়। তার পকেটে ২০০ টাকা ও একটি মোবাইল সেট ছিল, তা পাওয়া যায়নি।
মোকছু (৬০) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় গুলিস্তানে আরাম পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয়। ইউসুফ নামে আরেক যাত্রী তাকে বিকাল সোয়া ৩টায় হাসপাতালে ভর্তি করান। মোকছুর কাছ থেকে কী খোয়া গেছে, তা জানা যায়নি।
একই সময় গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের সামনে মেঘনা পরিবহনের একটি বাসে ফরহাদ (৩৫) নামে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়েছিলেন। সংবাদ পেয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মামুন তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করান।
যাত্রাবাড়ীর শহিদ ফারুক সড়কে গাবতলী রোডে একটি বাস থেকে অচেতন অবস্থায় ছিদ্দিক আলীকে (৭৫) আরেক যাত্রী আশরাফুজ্জামান উদ্ধার করেন। বিকাল পৌনে ৪টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সিদ্দিকের আইডিকার্ড থেকে জানা যায়, তার বাবার নাম মৃত সুন্দর আলী। বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে।
আশরাফুজ্জামান বলেন, ‘পরিবারের লোকজনকে সংবাদ দেওয়া হয়েছে। যতটুকু জানা গেছে, তিনি একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ।’
এদিকে সংবাদ পেয়ে বিকাল ৪টার দিকে গাবতলী এলাকা থেকে অচেতন অবস্থায় আশরাফ (৪৮) নামে এক চামড়া ব্যাবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। স্ত্রী আয়েশা বেগম জানান, আশরাফ সকালে হেমায়েতপুরে তাগাদায় গিয়েছিলেন। পরে লোকজনের মাধ্যমে সংবাদ পান, তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন গাবতলীতে।
তবে আশরাফের কাছে কী পরিমাণ টাকা ছিল তা জানা না গেলেও এক ব্যবসায়ী জানিয়েছেন, তিনি আশরাফকে এক লাখ টাকা দিয়েছেন। তবে অচেতন আশরাফের কাছে কোনও টাকা পাওয়া যায়নি।
এ ছাড়া, গুলিস্তানে জিয়াউর জিয়া (৩৮) নামে এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পথচারীদের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার বোন আমরিন। তিনি জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। জিয়ার একটি রিকশার গ্যারেজ আছে। তার কাছে ৫০ হাজার টাকা ছিল, তা পাওয়া যায়নি।